ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীতে নদীতে গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারীসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিখোঁজ চারজন হলেন—গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।


পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত। শুক্রবার বিকালে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তিনজন পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধার করতে গিয়ে স্বজন সৌরভও নদীতে তলিয়ে যান। পরে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করলেও কারও সন্ধান পাননি।


খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে ৪টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।


শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। নিখোঁজদের সন্ধান না পাওয়ায় শনিবার সকাল পর্যন্ত অভিযান স্থগিত করা হয়েছে। সকালে ভৈরব থেকে ডুবুরি দল এলে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।


শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার সকালে আবার উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

ads
ads
ads

Our Facebook Page